এই তো সেদিন
Wednesday, September 22, 2021
এই তো সেদিন
Sunday, September 12, 2021
গাড়ীর নাম মাহাত্ম
গাড়ীর নাম মাহাত্ম
Tuesday, August 24, 2021
কুহেলী আরাবল্লীর হাতছানি (৩)
কুহেলী আরাবল্লীর হাতছানি (৩)
একবার উদয়পুরে ঠাইঁ নিয়েছেন তো একটা বড় সুবিধা হলো, আসেপাশের ভ্রমণের জায়গাগুলো দেখার জন্য সকালে বেরিয়ে সন্ধ্যায় ফেরা যায় বিনা ক্লান্তিতে। যেমন একশো কিলোমিটারের সামান্য বেশি দূরত্বের চিত্তোরগড়, হাইওয়ে এতই মসৃন ও বাধাহীন যে মনে হবে কোনো বিমানবন্দরের রানওয়ে। চিত্তোর যাবার আগে তার ব্যাপারে একটু পড়াশোনা করে নিলে ভালো হয়, যদিও দেখবেন স্থানীয় গাইডরা মাছির মতো ঘুরে বেড়াচ্ছে। অষ্টম শতাব্দীর এই রাজপূত রাজধানী ভারতের সব চাইতে বড় দুর্গ ছিল। সারা চিত্তোরগড় আপনি গাড়ি নিয়ে ঘুরতে পারবেন, এক রাস্তায় প্রবেশ ও অন্য রাস্তায় নির্গমন। দেখুন মীরার মহল ও মন্দির, জহরব্রতের জায়গা, নানান মন্দির, পদ্মিনীর মহল ও জলাশয় (এবার গিয়ে দেখলাম সেই আয়নাটা গায়েব, যাতে পদ্মিনীর প্রতিচ্ছবি দেখে আলাউদ্দীন এক নম্বর কমান্ডমেন্ট ভঙ্গ করেছিল) - - ফেরার পথে অবশ্যই কিছুটা সময় দেবেন "সুরজপোল"-এ, আক্রমণকারী দিল্লীর মালিকেরা(আফগান ও মুঘল) এই পথেই ঢুকতো দুর্গ জয় করার জন্য, প্রতি অধ্যায়ের শেষ হতো জহরব্রত দিয়ে।
উদয়পুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে আছে "রাজসামান্দ লেক". শহর থেকে ৩০ কিলোমিটার এগোলেই পড়বে এক অভয়ারণ্য, ঘন জঙ্গলে দুপাশ ঢাকা, আড়াল থেকে তীক্ষ্ণস্বরে ডেকে পাখার ঝাপ্টা মেরে পালিয়ে গেলো নাম না জানা পাখী, কোথাও জলাশয়ের পাড়ে এক চক্ষু বুজে দাঁড়িয়ে আছে ঢ্যাঙা এক ভিনদেশী বক, নির্জন নিঃসঙ্গ আলোআঁধারী পরিবেশ। কিছুক্ষন পরেই আসবে "রাজসামান্দ লেক", পাহাড়ের কোলে ছড়ানো -- এক সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে যাকে ছবির মতো দেখায়। সতেরোশ শতকে মেবারের রানা রাজসিং নির্মাণ করেছিলেন এই লেক। সুন্দর শ্বেতপাথরে বাঁধানো ঘাটে বসে দেখুন চারপাশের ছবি, কাঁচের মতো টলটল পরিষ্কার জলে দেখুন ভেসে যাওয়া মেঘের ছায়া আর থেকে থেকে জল থেকে ছলাঙ মারা রুপালী মাছেদের হুটোপুটি।
হালদিঘাট যুদ্ধের পরেও দুই দশক বেঁচে ছিলেন প্রতাপ, নতুন রাজধানী বানিয়েছিলেন উদয়পুর থেকে ৬৫
কিলোমিটার দূরে, চাভান্ড গ্রামে,
রাজসামান্দ থেকে ৩০
কিলোমিটারের মতো দূরে, সরু রাস্তা ধরে
ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে গাড়ির রাস্তা। চাভান্ড থেকে দুই কিলোমিটার দূরে,
বাডোলি গ্রামে, এক নদীর পাড়ে প্রতাপের শেষকৃত্য করা হয়। লোকালয়
থেকে অনেক দূরে থাকা এই সমাধিতে কিছুক্ষন সময় কাটান, সেই পরাক্রমী রাজপুতের স্মরণে। এই জায়গা সাধারণ পর্যটকদের জানার বাইরে,
কোনোদিন উদয়পুর আসলে
অবশ্যই খোঁজ নেবেন।
সাতদিনের প্রোগ্রাম শেষ, ঘরে ফেরার সময়
এলো -- সকালে হোটেলে প্রাতঃরাশ সেরে রওনা দেওয়া আহমেদাবাদের রাষ্ট্রীয় সড়ক মার্গে,
রাস্তায় কেনা হলো বার্গার
ব্রেড চীজ বিস্কুট ইত্যাদি, সাথে আছে
ফ্লাস্কের গরম জল আর টি-ব্যাগ। অনেক ভালো জায়গা পাবেন রাস্তায় জিরোবার জন্য,
এখন তো আর তাড়া নেই.ঘরে
ফেরার। গান্ধীনগর ঢুকতেই পড়ন্ত বিকেলে, আর ২০ কিলোমিটার পরেই আহমেদাবাদ।
মাথায় এখন আছে হয় জয়সলমীর (৩ দিন যথেষ্ট) নয়তো ধোলাভিরা (হরাপ্পা সংস্কৃতির
অবশেষ, বিরাট বৃষ্টির জল ধরে
রাখা কুয়া ইত্যাদি) ছুঁয়ে কচ্ছ সীমান্ত আদি ঘুরে আসা (৪/৫ দিন ধরে রাখুন) --
নয়তো ইন্দোর-বিদিশা-সাগর- এলাহাবাদ-হাজারীবাগ-কলকাতা-আহমেদাবাদের (এটা প্রায় ২২০০
কিলোমিটার, সব মিলিয়ে দিন কুড়ির
ভ্রমণ।
Wednesday, August 18, 2021
কুহেলী আরাবল্লীর হাতছানি (২)
কুহেলী আরাবল্লীর হাতছানি (২)
Sunday, August 8, 2021
কুহেলী আরাবল্লীর হাতছানি (১)
কুহেলী আরাবল্লীর হাতছানি (১)
(Internet-এ এই বিষয়ে অনেক
ছবি ও ভিডিও থাকায়, এই লেখাতে আমার
ব্যক্তিগত সংগ্রহ পরিহার করেছি -- অনেক বেশি ভ্রমণ
বিবরণও পাবেন সার্চ করলে)
COVID -এর বাধানিষেধ
অসহ্য হলেই মেয়ে আর নাতি নিয়ে বেরিয়ে পড়তাম আরাবল্লীর আশ্রয়ে। একবার না, একাধিকবার। আমেদাবাদ থেকে আরবল্লী আপনি ৭-৮
ঘন্টায় ছুঁয়ে ফিরে আসতে পারেন (শ্যামলাজী,
পোলো'র জঙ্গল বা তরঙ্গা পাহাড় ), কমবেশি ১৫০ কিলোমিটার। সময় থাকলে সীমানা পেরিয়ে রাজস্থানে দিনও কাটাতে
পারেন (আবু পাহাড়, উদয়পুর, কুম্বলগড়, হালদিঘাটি বা রাজসমুদ্র'লেক), কমবেশী ৩০০ কিলোমিটারের দূরত্ব। গুজরাট ও রাজস্থানের সব রাস্তাই মসৃণ চওড়া,
সড়কপথে যাত্রা
যন্ত্রণাদায়ক না, রাস্তার পাশে আছে
অনেক উত্তম ধাবা, যার খাবার ও স্বচ্ছ
পরিবেশ সপরিবারে ভ্রমণের উপযুক্ত।যাতায়াতের অন্য সাধারণ ব্যবস্থা থাকলেও, নির্ঝঞ্ঝাট হয় নিজেদের গাড়ি থাকলে।
সেই হরিয়ানা থেকে
প্রায় ৭০০ কিলোমিটার পথ হেঁটে, দিল্লী রাজস্থান
হয়ে, গুজরাটের আবু’তে যাত্রা শেষ করেছে আরাবল্লী, হিমালয়ের থেকেও যার বয়েস বেশি। তার কাঁটা ঝোপ
ঝাড় জঙ্গলে আশ্রয় দিয়েছে
হরপ্পা সভ্যতার বিস্তার, অনেক অনেক বৌদ্ধ
গুফায় গুঞ্জিত হয়েছে মানুষ ও জীবের মঙ্গল কামনার প্রার্থনা, হিন্দু ও জৈন মন্দির তো আছেই। তার কোনে কোনে
এখনো লুকানো অদেখা অজানা অতীতের অনেক অনাবিষ্কৃত রহস্য, ঘন কাঁটাভরা বাবুলের আঁচলে যা চোখের আড়ালে ঢাকা রয়েছে। এই আরাবল্লী আবার
বর্ষার ছোঁয়ায় সবুজে সেজে ওঠে, অতি অপরূপা তখন
সে -- তার গা বেয়ে নেমে আসে ছোট বড় বর্ষাতি নদী, পাদদেশের শুষ্ক নিঃস্নেহ ঊষর প্রান্তরে
শ্যামলীমা আনতে।
শ্যামলাজী’র মন্দির। এই মন্দিরে গদাধর বিষ্ণু আনুমানিক হাজার বছর বিরাজমান,
মন্দিরের বাইরের দেয়ালের
কারুকাজ দেখে অবাক হবেন, এমন সুন্দর। এর
পরেই রাজস্থানের চেকপোস্ট, রাস্তা গেছে
উদয়পুরের দিকে। সময় থাকলে খোঁজ করুন আশেপাশের প্রাচীন বৌদ্ধ মঠের -- একটার খোঁজ
পেয়েছিলাম, কিন্ত বিবরণে অতি দুর্গম
জেনে দেখা হয় নি।
পোলো'র জঙ্গল। প্রায় এক হাজার
বছরের আগে পরিহার বংশের রাজা এখানে তার রাজধানী বানিয়ে ছিলেন, হার্নাভ নদীর পাশে, ৪০০বর্গ কিলোমিটার ছড়ানো এই গুজরাট-রাজস্থান
সীমান্তের ঘন জঙ্গলে - - বলা হতো, এখানে মাটিতে
সূর্যেরআলো পৌঁছায় না, এমনই ছিল সবুজের
আস্তরণ। পরিত্যক্ত এই শহরে আছে খুব সুন্দর প্রাচীন শিব মন্দির, জৈন মন্দির। জঙ্গলে কান পেতে শুনুন হর্নবিল বা
বার্বেটের কণ্ঠস্বর, রাত্রে চিতা
ভালুক হায়েনা তাদের উপস্থিতি জানায়।
তরঙ্গা পাহাড়। আরাবল্লীর এক বিস্তার এই পাহাড় ভিন প্রদেশের পর্যটকদের কাছে খুব পরিচিত না, বেশখানিটা নির্জন রাস্তা পেরিয়ে পৌঁছতে হয়, তারপরেই সেই কাছে আসার হাতছানি। পাহাড়ী রাস্তার দুপাশে ঘন জঙ্গল, এক পাস দিয়ে এক ক্ষীণতনু এক স্রোতস্বিনী নিজের তালে নেমে আসছে। উঁটের পিঠের মতো উতরাও-চড়াও পথের শেষে মিলবে জৈনদের এক প্রসিদ্ধ মন্দির। ফিরে যান সমতলে, একটু এগিয়েই পাবেন পুরানো বৌদ্ধ গুফা, সরকারী প্রকল্পে যার সংস্কার চলছে। উঁচুতে পাহাড়ের ওপরে আছে আরও এক বৌদ্ধ সাধনা স্থল, জঙ্গলে ঢেকে গেছে সেখানে পৌঁছানোর পথ।
এই হলো পাহাড়ের
একপাশের গল্প, গুজরাটের। ও পাশের গল্প
করবো পরের বার।
Thursday, October 31, 2019
প্রায় লুপ্ত হওয়া কিছু জীবিকার কথা -- সিঁথী, ১৯৫০-৬৫
Wednesday, October 30, 2019
সিঁথীর শ্রাবনের মেলা
সেই ১৯৫৫-৬৫'এর কথা। দুর্গাপূজা কালীপূজার মতোই রথযাত্রা ঝুলন শৈশবে অপেক্ষায় থাকা ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান ছিল, যদিও সময় ও সামাজিক পরিবর্তনের সাথে সাথে তারা মহত্ব খুইয়েছে। জনজীবন তার সারল্য হারিয়েছে, শৈশব বঞ্চিত হয়েছে সামূহিক উৎসবে ভাগিদারীর আনন্দ থেকে।
শ্রাবন আসলেই বসতো মেলা। শহরতলী সিঁথীর নানান পাড়ায় ঘুরে ঘুরে বসতো সেই মেলা, বরানগরে তেমন কিছু হতো বলে মনে পড়ে না। কালীতলায় আমার মহল্লায়ও একদিনের মেলা বসতো -- বাসস্ট্যান্ড আর শিবনাথ ক্লাবের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৫০০ মিটার জুড়ে বসতো সেই শোরগোলের মেলা, দুপুর থেকে সন্ধ্যা গড়ানোর পরেও চলতো বেচাকেনার ভীড়।
কালীতলার বাঙালবাড়ীর ছেলেৱা লিস্ট বানিয়ে ফেলেছে ঝুলনযাত্রার প্রদর্শনী সাজানোর জন্য কি কি জিনিস কিনতে হবে -- পাহাড়ের ওপরে বসবেন মহাদেব ঠাকুর, পেছনের বালতির জল সাইফন হয়ে তাঁর মাথার ওপর থেকে মন্দাকিনী বইবে, জঙ্গলে থাকবে বাঘ সিংহ হরিণ, গাছে বসবে রঙীন পাখী, লাল মাটির পথ বেয়ে সমতলে থাকবে একটা মন্দির আর সরোবর, যার জলে আওয়াজ তুলে ঘুরবে একটা নৌকা (কার্বাইড না কেরোশিনে, মনে নেই) -- কাঁখে কলস নিয়ে জল তুলতে আসবে গ্রামের বৌ, সাথে তার বাছা। কাদা মাটি ইঁট ছেঁড়া কাপড় দিয়ে ১০x ১০-এর মণ্ডপ সাজানো হয়ে গেছে, চাঁদা তোলাও শেষ, এখন শ্রাবনের মেলা থেকে পুতুল কেনার অপেক্ষা।
ঢোকার মুখেই বিক্রী হচ্ছে নানান রঙের বেলুন, ছোট বড় তো আছেই, আছে বেলুনের ঝুমঝুমি, আছে বেলুন দিয়ে বানানো লম্বা লেজের বাঁদর পাখী সাপ, গ্যাস বেলুনের জায়গা ঘিরে কচিদের ভীড়। কাগজে বানানো কুমীর তার লেজ হেলিয়ে, পিঠে ঢেউ তুলে গড়গড় করে চলেছে সুতোর টানে আর ভয়ে দু'পা পিছোচ্ছে বাচ্চারা।
তার সাথে পাল্লা দিয়ে গড়িয়ে চলছে ঢাকের বাদ্যি -- গোল মাটির পাত্রের ওপর চামড়া লাগানো, সুতো-কাঠি দিয়ে এমন কৌশলে বানানো যে চাকা গড়ালেই কাঠি পড়বে চামড়ায় আর বাজবে বাদ্যি।
হটাৎ কোথা থেকে সামনে থেকে আসলো ছোবল তোলা সাপ -- বাঁশের সরু কঞ্চি দিয়ে ভাঁজ করে বানানো ফ্রেম, লেজের দিকে চাপ দিলেই ফ্রেম লম্বা হবে আর সাপের মাথা তেড়ে আসবে অসতর্কের দিকে। এর কাছেই পাবেন কাঠিতে স্প্রিং লাগানো বানর, ওপর থেকে নামছে কেঁপে কেঁপে।
পাশেই বিক্রি হচ্ছে সেই জলে চলা নৌকা, সাথে পাবেন এমন এক টিনের ব্যাঙ যার পেট টিপলেই আওয়াজ বেরোবে। এই আওয়াজ করা ব্যাঙ একবার নৈনান পাড়ার সহপাঠী শ্রীমান স্বরাজ সাহা স্কুলে এনে খুব বকুনি খেয়ে ছিল।
সব আওয়াজ ছাপিয়ে এর মাঝে চীৎকার কেঁদে উঠলো এক বাচ্চা -- গেলো গেলো রব শেষ না হতেই তার হাতের গ্যাস বেলুন আকাশপাড়ি দিয়েছে দমদম রেল লাইনের দিকে, বাচ্চাকে থামাতে আবার উল্টোমুখী হলো তার মা-বাবা, সেই গ্যাস বেলুনের জায়গায়। এক কান্না না থামতেই আর এক কান্না -- কাঠি থেকে আধখানা খসে পড়েছে এক খুকুর হাতের কমলা রঙের আইসক্রিম, ফের দৌড়াও সেই "ম্যাগনোলিয়া" ঠেলার কাছে, কেনো আর একটা। ততক্ষনে তার পাশেই এসে দাঁড়িয়েছে "বুড়ীর মাথার পাকাচুল" আর আঠার মতো এক ক্যান্ডি, বড় বাঁশের ওপরে লাগানো একটা কি যেন মাখা থেকে ছোট বাঁশের স্টিকে পেঁচিয়ে পেঁচিয়ে নানান ফুলের আকার করে বিক্রি করছে -- ললিপপের মতো ওটাকে চেটে চেটে খেতে হয়।
ছাতি খুলে বসেছে একজন মঠ ফুটকরাই সিগাটের-লজেন্স নিয়ে -- ভরসা নেই আকাশের, যদি বৃষ্টিতে চিনির জিনিস নষ্ট হয়ে যায়`! মঠের বাহার দেখো -- একটা বিগবেন তো অন্যটা মনুমেন্টের মতো, পাখী ফুলের আকার তো আছেই।
হাঁটু পর্যন্ত লম্বা ফ্রক পরে, লম্বা বিনুনি দুলিয়ে পাড়ার তিন ষোড়শী বান্ধবী রিনি-বিনি-টিনি আসলো মেলায় -- পান-বিড়ির দোকানের সামনে দাঁড়িয়ে মেলা থেকেই কেনা সেঁকা ভুট্টা খাচ্ছিলো আটাপাড়ার উঠতি বয়েসের ছেলেটি, ওদের দেখেই পকেটের রঙিন চশমাটা পরে নিলো। তিন বান্ধবী কিনবে নিজেদের জন্য কাঁচের চুড়ি, নেল-পলিশ আর মাথার টিপ, মায়েদের জন্য চাই সাবিত্রী আলতা আর সিঁদুর।
দামিনী পিসীর রুটি বেলার চাকির একটা পা গেছে ভেঙে, কাঠের জিনিসের দোকানে সমানে বিনতি করে চলেছে একটা রুটির চাকী দেবার জন্য, কিন্তু দোকানদার রাজি না -- চাকী নিলে বেলান ও নিতে হবে, কেননা ওটা "যৌথ পণ্য"।
পুতুলের দোকানে খুব ভীড় -- সমস্ত দেব-দেবী, নভোচর উভচর জলচর সব রকমের প্রাণী ছাড়াও আছে নেতাজী রবীন্দ্রনাথের মূর্তি। বাঙালবাড়ীর ছেলেরা পুতুলের দোকান থেকে দরকারী সব পুতুল কিনে ফিরে যাচ্ছে হাসি ভরা মুখে, কয়েকটা সামান্য ভাঙা মাটির পুতুল দোকানি বিনে পয়সায় দিয়েছে ওদের, তাই বেশি খুশি।
দোকানী দামিনী পিসীকে নিরাশ করেনি, অল্প দামেই একটা চাকী তাকে দিয়েছে, সেটা হাতে নিয়ে প্রফুল্ল মনে পিসী চলেছে বাড়ির পথে।
সন্ধ্যার পরেও হ্যাজাকের আলোয় শিবনাথের মাঠে ছোটরা কাঠের বাঘ ঘোড়ার নাগরদোলায় চড়ছে, একেবারে ছোটরা বড়দের কোলের নির্ভয় আশ্রয়ে বসে খুদে খুদে চোখে দেখছে কাছ থেকে দূরে সরে সরে যাওয়া মানুষদের। পাশেই ঘুগনী কুলফীর স্বাদ নিচ্ছে বড়োরা।
মেলা ভাঙার সময় এগিয়ে এলো -- দোকানীরা গোছাতে শুরু করেছে তাদের সামগ্রী, মাথার ঝাঁকিতে ভরে নিয়ে যাচ্ছে পুতুল খেলনা মঠ কাঁচের চুড়ী। আবার আসবে শ্রাবণ, বসবে মেলা, রাস্তা মাঠ আবার বাঁশি ভেঁপু ডুগডুগীতে সরগরম হবে। অনেক বছর পরে মেলায় আসলে আর দেখা যাবে না সেই তিন ষোড়শীকে, অন্য কোনো দামিনী পিসী আসবে তার রান্না ঘরের জিনিস কিনতে, আটাপাড়ার সেই নতুন যুবকও ব্যস্ত হয়ে পড়বে জীবনের সংঘর্ষে। পাত্রপাত্রী বদলাবে, সাথে মেলার চরিত্রও।